শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাপাসিয়া উপজেলা পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল সকালে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের এমপি সালাউদ্দিন আইউবী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা তারেক হাসান, ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা এইচ আর ডি সম্পাদক আবু নাঈম, ইসলামি ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার পূর্ব শাখার সভাপতি হাফেজ ইমরান হোসেন, উত্তরের সভাপতি মারুফ হোসেন প্রমূখ।
পরে প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন।
প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বৃক্ষ রোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। কেননা বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে, ক্ষতিকর তাপমাত্রা কমায় এবং মাটির ক্ষয় রোধ করে। এছাড়া গাছ থেকে আমরা ফলমূল, ওষুধ এবং আসবাবপত্র পাই।
তিনি বলেন, গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, যা ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। বায়ুমণ্ডলের বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে গাছ পরিবেশকে নির্মল রাখে।
তিনি আরো বলেন, বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ সৃষ্টিতে সহায়তা করে এবং দাবদাহ কমায়। ফলমূল, ফুল, ঔষধি গাছ আমাদের খাদ্যের অভাব পূরণ করে। অর্থনৈতিকভাবে কাঠ ও অন্যান্য বনজ সম্পদ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। বন্যপ্রাণী ও পাখির প্রধান আবাসস্থল হলো বন বা গাছপালা, যা জীববৈচিত্র্য রক্ষায় অপরিহার্য।
আইউবি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বৃক্ষের গুরুত্ব অনুধাবন করে বলেছেন, “আগামীকাল কিয়ামত হবে জেনেও তোমরা বৃক্ষ রোপণ করো।” তাই আমাদের সবাইকে প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার।